‘ককরোচ’ মন্তব্য নিয়ে তোলপাড়, মোদিকে আন্না হাজারের কড়া চিঠি!
দিল্লির রাজপথে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন প্রবীণ সমাজসেবী আন্না হাজারে। সোনাম ওয়াংচুক ও বর্তমান ছাত্র বিক্ষোভের প্রতি সরকারের অনমনীয় মনোভাবকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি গায়ের জোরে আন্দোলন দমন না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন। চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব এবং যুবসমাজের উদ্বেগ দূর করা সরকারের দায়িত্ব।
চিঠিতে আন্না হাজারে প্রশাসনিক গাফিলতির জন্য দায় নিচুতলার কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন, যাতে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সরকারি নিয়োগে দীর্ঘসূত্রতা ও ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে আন্না হাজারে আজ থেকেই মহারাষ্ট্রে মৌন অবস্থানে (সাইলেন্ট প্রটেস্ট) বসার ঘোষণা দিয়েছেন।