কলকাতা হবে পূর্ব ভারতের ‘মাইস হাব’, পর্যটনে হাজার কোটির বিশাল চমক!

কলকাতাকে ‘মাইস’ হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রাজ্য সরকারের, পর্যটন প্রসারে বিশেষ পরিকল্পনার ঘোষণা

বিধানসভায় পর্যটন দফতরের বাজেট পেশের পর রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। পূর্ব ভারতের মধ্যে কলকাতাকে অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে কলকাতাকে ‘ইস্টার্ন ইন্ডিয়ার মাইস (MICE) ক্যাপিটাল হাব’ হিসেবে গড়ে তুলতে একটি বিশেষ ‘মাইস ব্যুরো’ গঠন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এই ব্যুরোর মাধ্যমে প্রায় দু’হাজারটি জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা থেকে ২ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছে রাজ্য সরকার। এই পরিকল্পনায় দুর্গাপুজোকেও বিশেষ গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

কলকাতার পাশাপাশি সুন্দরবন, দীঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দার্জিলিংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের ওপরও সরকার বিশেষ জোর দিচ্ছে। পর্যটন শিল্পে বিনিয়োগ টানতে ‘সিঙ্গল উইন্ডো পলিসি’, ক্যাশ ও নন-ক্যাশ ইনসেনটিভ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ ‘ইনভেস্টমেন্ট গ্রুপ’ চালুর ঘোষণা করেছেন মন্ত্রী। এছাড়া ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের রাজ্যে ফেরাতে বিশেষ ‘পুজো প্যাকেজ’ এবং গ্রামবাংলার বনেদি বাড়ির পুজোকে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে ম্যাপিংয়ের কাজ চলছে। অন্যদিকে, বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *