৩০ জুলাই থেকে শুরু ভেরিফিকেশন, যোগ্য শিক্ষকরা কি তবে বড় ফাঁদে?
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ ত্বরান্বিত করতে আগামী ৩০ জুলাই থেকে নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। মেধাতালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে সকল আসল নথি নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, অনেক প্রার্থীর ভেরিফিকেশন প্রক্রিয়া আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর মাসে গড়িয়েছে, যা নিয়ে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর মধ্যে যাঁদের যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চাকরিতে বহাল থেকে বেতন পাওয়ার অনুমতি পেয়েছেন। ফলে সেপ্টেম্বরে যাঁদের নথি যাচাইয়ের তারিখ পড়েছে, তাঁদের চাকরির আইনি স্থিতি ও বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীর সংখ্যা ও শূন্যপদের পরিমাণ বেশি হওয়ায় আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সূচি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে যোগ্য শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগস্টের পর তাঁরা নতুন করে আইনি ও আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।