উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একগুচ্ছ বিশেষ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের আবক্ষমূর্তি ও স্মারকফলক উন্মোচন করার সময় উত্তম কুমারের নামে রাজ্যে একটি আধুনিক ফিল্ম সেন্টার তৈরির সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কলকাতার ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’-এর সংস্কার ও আধুনিকীকরণের কাজ হাতে নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পরিবারের সম্মতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে মহানায়কের জন্মশতবর্ষ পালনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই বিশাল আয়োজনের প্রস্তুতির জন্য নন্দন বা রবীন্দ্রসদনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কেওড়াতলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, বিধায়ক রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহা এবং উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *