রাজ্যে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি, কোন দুই রুটে মিলবে পরিষেবা?
রাজ্যের সড়কপথের যানজট কমিয়ে যাত্রী যাতায়াত সহজ করতে নতুন পরিষেবা হিসেবে ‘ওয়াটার ট্যাক্সি’ চালু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে একটি খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরিষেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। প্রাথমিকভাবে ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ—এই দুটি রুটে ওয়াটার ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে দূরপাল্লার ভেসেল চালুর পরিকল্পনাও রয়েছে রাজ্য প্রশাসনের।
কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে গঙ্গা এবং সংলগ্ন জলপথকে ব্যবহার করা হচ্ছে। পরিবেশবান্ধব ব্যাটারি ও ইলেকট্রিক হাইব্রিড প্রযুক্তিতে তৈরি এই জলযানগুলি নির্দিষ্ট জেটি থেকে নিয়মিত চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ড এবং কিউআর কোড ভিত্তিক টিকিটের ব্যবস্থাও রাখা হচ্ছে এই পরিষেবায়। এর মাধ্যমে কলকাতার সড়কপথের গাড়ির চাপ কমানোর পাশাপাশি একটি সহজ বিকল্প পরিবহন মাধ্যম গড়ে তোলা হবে।