পঞ্চায়েতে ১৫ দিন অনুপস্থিতি মানেই ছাঁটাই, বড় পদক্ষেপ রাজ্য সরকারের!
পঞ্চায়েত স্তরে কাজের গতি বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে রাজ্য সরকার নতুন আইন সংশোধনের পথে হাঁটছে। আজ শনিবার বিধানসভার অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল’ উত্থাপিত হতে চলেছে। এই সংশোধনী বিলে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিজনিত সমস্যা মোকাবিলায় প্রশাসকের নিয়োগ এবং তহবিল খরচের ক্ষেত্রে নিয়মের কঠোর পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে জনপরিষেবা ব্যাহত হলে ৩০ দিনের জন্য প্রশাসক নিয়োগ করা যাবে এবং গ্রাম পঞ্চায়েতের বৈঠকে উপস্থিতির কড়াকড়ি বাড়ানো হয়েছে।
তহবিল তছরুপ ঠেকাতে পঞ্চায়েত প্রধানদের একক আর্থিক ক্ষমতার ওপর রাশ টেনে তা এক্সিকিউটিভ অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে গ্রাম পঞ্চায়েতের অর্থ প্রদানের আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি, প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব বিডিও-র কাছে জমা দেওয়ার বিষয়টিও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের দায়িত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জেলা সফর শুরু করতে চলেছেন এবং দুর্নীতি দমনে বিগত কয়েক বছর ধরে এক জায়গায় কর্মরত বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।