ধর্মতলায় ধুন্ধুমার, ইটের আঘাতে রক্তাক্ত জনপদ! স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
গত শুক্রবার ধর্মতলায় ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট রণক্ষেত্র পরিস্থিতি ও ব্যাপক অশান্তির ঘটনায় কঠোর পদক্ষেপ করল কলকাতা পুলিশ। এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে সংবাদমাধ্যম কর্মীদের অভিযোগের ভিত্তিতে ৫টি এবং পুলিশের তরফে ১টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কড়া ধারায় এই মামলাগুলি নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ ডোরিনা ক্রসিংয়ে কোনো অনুমতি ছাড়াই বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এবং মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য রাখেন। অভিযুক্ত তালিকায় এআইডিএসও (AIDSO), এআইডিওয়াইও (AIDYO), সিপিআইএমএল (CPIM(L)), ডিওয়াইএফআই (DYFI), আইসা (AISA), পিডিএসএফ (PDSF), এএফএসএ (AFSA), ডিএসএফ (DSF), আইএসইউ (ISU) এবং এপিডিআর (APDR)-সহ একাধিক সংগঠনের নাম রয়েছে। পুলিশের অভিযোগ, এলাকা ছাড়ার নির্দেশ অমান্য করে বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদকর্মী ও পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছোঁড়ে, যার ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হন এবং পুরো এলাকায় যান চলাচল ও জনজীবন দীর্ঘ সময় স্তব্ধ হয়ে পড়ে।