ধর্মতলায় বিক্ষোভের নামে ধুন্ধুমার! হামলার অভিযোগে কড়া পদক্ষেপ নিল পুলিশ
নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে কলকাতার ধর্মতলা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ডোরিনা ক্রসিংয়ের কাছে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীদের একাংশ পুলিশ ও কর্তব্যরত সাংবাদিকদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা, এন্টালি থানায় একটি মামলা এবং নিগৃহীত পাঁচ সাংবাদিকের পৃথক অভিযোগের ভিত্তিতে আরও ৫টি মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র বিভিন্ন কঠোর ধারায় বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা, হামলা, রাস্তা অবরোধ ও শান্তিভঙ্গের উস্কানির মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও ক্লিপ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান যাচাই করে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে রাজ্য বিধানসভার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছেন।