ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, গণতন্ত্রের জয় নাকি বড় চমক!
নিট (NEET) পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ব্যাপক অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা তীব্র ছাত্র বিক্ষোভ ও চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করে তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং যন্তর মন্তরে চলা আন্দোলন যেন কোনো ‘দেশবিরোধী শক্তি’ ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেই তিনি সরে দাঁড়িয়েছেন। ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করা ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সরকারের এই সিদ্ধান্তের আগে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) সাফ জানিয়ে দেয় যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা সম্ভব নয়। মন্ত্রীর পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উল্লাসের সৃষ্টি হয়। টানা ২৬ দিন অনশনে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুক এই ঘটনাকে ‘প্রত্যক্ষ গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও এই ঘটনাকে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে আন্দোলনকারীদের মূল লক্ষ্য হলো দেশের পুরো শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোগত পরিবর্তন আনা।