৪৪৪ দিনের এফডিতে বাম্পার রিটার্ন! এসবিআই, পিএনবি নাকি ব্যাঙ্ক অফ বরোদা— কোথায় মিলবে সবচেয়ে বেশি সুদ?
সাধারণ মানুষের সঞ্চয়ের নিরাপদ মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘স্পেশাল ফিক্সড ডিপোজিট’ (FD) স্কিম। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BoB) ৪৪৪ দিনের মেয়াদে বিশেষ আমানত সুবিধা দিচ্ছে। সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় এই বিশেষ স্কিমগুলিতে সুদের হার কিছুটা বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে।
ব্যাঙ্ক অফ বরোদার নতুন ‘স্কয়ার ড্রাইভ’ স্কিমে সাধারণ গ্রাহকরা ৬.৪৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকরা ৬.৯৫ শতাংশ থেকে ৭ শতাংশ এবং ৮০ ঊর্ধ্ব গ্রাহকরা ৭.০৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। এসবিআই-এর ‘অমৃত বৃষ্টি’ স্কিমে সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকরা যথাক্রমে ৬.৪৫ শতাংশ ও ৬.৯৫ শতাংশ হারে সুদ পান। তবে ৪৪৪ দিনের মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেখানে সাধারণ গ্রাহক ৬.৬০ শতাংশ, প্রবীণ নাগরিকরা ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়ররা ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষজ্ঞরা বিনিয়োগের আগে ব্যাঙ্কের শর্তাবলি ও বিশেষত ‘নন-কল্যাবল’ স্কিমগুলোর ক্ষেত্রে মেয়াদ শেষের আগে টাকা তোলার নিয়মগুলো গুরুত্ব দিয়ে যাচাই করার পরামর্শ দিয়েছেন।