নির্বাচনের বয়স ২১ করার দাবিতে উত্তাল রাজনীতি, রেবন্ত রেড্ডির হুঙ্কারে নয়া মোড়!
দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার দাবি জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বর্তমান আইন অনুযায়ী, ভারতে ১৮ বছর বয়স থেকে ভোটদানের অধিকার থাকলেও সংসদ বা বিধানসভার নির্বাচনে প্রার্থী হতে অন্তত ২৫ বছর এবং রাজ্যসভা বা বিধান পরিষদের জন্য ৩০ বছর বয়স প্রয়োজন। এই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জার্মানি, গ্রেট ব্রিটেন ও সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক উদাহরণের কথা উল্লেখ করে বলেন, উন্নত দেশগুলোতে অল্প বয়সেই তরুণরা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান, যা ভারতের নির্বাচনী ব্যবস্থাতেও প্রবর্তন করা উচিত।
এই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তেলঙ্গানা বিধানসভা ও বিধান পরিষদের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে বিধায়ক ও সংসদ সদস্য পদে নির্বাচনে লড়ার ন্যূনতম বয়সসীমা ২১ বছর করার প্রস্তাব নিয়ে আলোচনা ও তা আনুষ্ঠানিকভাবে পাশ করা হবে। পাশ হওয়া এই প্রস্তাব পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে। এ ছাড়াও, জাতীয় স্তরে এই বয়সসীমা হ্রাসের বিল লোকসভায় পাশ করানোর জন্য রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ে সর্বাত্মক চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।