টালিগঞ্জের কলেজে ১০০ কোটির দুর্নীতি! প্রাক্তন বাম নেতার গ্রেপ্তারি চেয়ে সরব পাপিয়া অধিকারী
টালিগঞ্জের প্রকৌশলী কলেজে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তারের দাবি বিজেপি বিধায়কের
টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে আনুমানিক ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিধানসভার বাজেট অধিবেশনে এই প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ওই কলেজ পরিচালনা সমিতির তৎকালীন সম্পাদক গৌতমের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, এই দুর্নীতির নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনলেই কলেজটি সংকটের হাত থেকে রক্ষা পাবে।
বিজেপি বিধায়কের অভিযোগ, ওই কলেজের সাধারণ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়া হয়নি এবং অবসরের পর কর্মীদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকাও আটকে রাখা হয়েছে। প্রসঙ্গত, এই দুর্নীতির ঘটনা সামনে আসার পর সিপিএমের অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গৌতম ও পার্থ নামের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তৎকালীন সময়ে গৌতম টালিগঞ্জ-১ এরিয়া কমিটির সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। তবে অভিযুক্ত নেতাকে দল আগেই বহিষ্কার করায় এ বিষয়ে সিপিএমের অন্দরে বিশেষ কোনো অস্বস্তি নেই বলে রাজনৈতিক মহলের ধারণা।