শমীকের নিদান ঘিরে বিতর্ক, পুলিশের ওপর ভরসা না রেখেই কড়া বার্তা!
পশ্চিমবঙ্গের রাজপথে ‘আজাদি’ স্লোগান ওঠাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। রবিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে নতুন করে চরমপন্থার প্রবণতা বাড়ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকাশ্যে ভারত ভাগ বা কাশ্মীর বিচ্ছিন্নতার পক্ষে স্লোগান দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাঁর মতে, এমনভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে তারা সোজা হয়ে বাড়ি ফিরতে না পারে। গত শুক্রবার নিট কেলেঙ্কারির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ ও সাংবাদিক আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী শক্তি পশ্চিমবঙ্গে এই ধরনের অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করবে না।
বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে শমীক ভট্টাচার্য এ ধরনের বেআইনি নিদান দিতে পারেন না। কুণাল ঘোষের মতে, দেশবিরোধী স্লোগান সমর্থনযোগ্য না হলেও, আইন নিজের হাতে তুলে নিয়ে মারধরের প্ররোচনা দেওয়া মানে অরাজকতাকে উসকে দেওয়া। গণতান্ত্রিক দেশে পুলিশ ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত শুক্রবার ধর্মতলা ও ডোরিনা ক্রসিং এলাকায় ছাত্র-যুবদের মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির পর থেকেই রাজ্য রাজনীতিতে এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় নতুন গুন্ডাদমন আইন প্রয়োগ করে পদক্ষেপ শুরু করেছে।