বিশ্বমঞ্চে এবার সুন্দরবন! পর্যটন মন্ত্রীর ঘোষণায় খুলবে সাফল্যের নয়া দিগন্ত

দার্জিলিঙের পর রাজ্যের দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে সুন্দরবন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবসের অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সুন্দরবনকে ঢেলে সাজানোর মাস্টারপ্ল্যানের কথা ঘোষণা করেন। স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব ‘ইকো-টুরিজম’ এবং ‘ব্লু-কার্বন অর্থনীতি’র বিকাশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন, বন ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে কেন্দ্র করে পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য।

এই প্রকল্পের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সুন্দরবনের সম্ভাব্য পর্যটন কেন্দ্রগুলোর স্যাটেলাইট ম্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে একটি বিশেষ হেল্পলাইন নম্বর এবং ডেডিকেটেড মোবাইল অ্যাপ চালু করা হবে, যেখানে নিবন্ধীকৃত ট্যুর অপারেটর ও হোটেল সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া সড়কপথের পাশাপাশি জলপথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সারা বছর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গঙ্গাসাগরসহ সুন্দরবনের দ্বীপগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। ম্যানগ্রোভ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে যথেচ্ছ ভেড়ি তৈরি বন্ধ করার কড়া বার্তাও দেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *