স্বজনহারাদের পাশে শুভেন্দু, বড় প্রতিশ্রুতিতে নতুন আশার আলো!
সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের পুনর্বাসন ও সুরক্ষার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে, মৃত মৎস্যজীবীদের পরিবারের যোগ্য তরুণদের রাজ্য পুলিশের হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার বা স্থানীয় প্রশাসনে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তিনি। দুর্ঘটনায় প্রাণ হারানো পূর্ব মেদিনীপুর, হাওড়া ও নদিয়ার বাসিন্দা ছাড়াও ওড়িশার তিন মৎস্যজীবীর পরিবারকেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ‘মিশন বাৎসল্য’ প্রকল্পের আওতায় অনাথ শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত মাসিক ৪,০০০ টাকা বৃত্তি এবং মহিলাদের ‘অন্নপূর্ণা যোজনা’ ও বিধবা ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া গৃহহীন পরিবারদের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় ঘর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় সুরক্ষায় দিঘায় ৫০ জনের ‘কুইক রেসপন্স টিম’ গঠন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নতুনভাবে সাজানোর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্প ‘সাগরমালা ২’ ও ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র অধীনে উপকূলীয় অঞ্চলে আধুনিক জিটিএস, ওয়্যারলেস এবং স্যাটেলাইটভিত্তিক আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থা চালু করা হচ্ছে।