গ্রেফতার করলে করুক! মোদির পোস্টার বিতর্কে সরাসরি চ্যালেঞ্জ শ্রীলেখার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত কার্টুন ও আপত্তিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার কলকাতার একটি ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় ওই ছবি তোলার ঘটনাটি ঘটে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল তৈরি হয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় এবং বিজেপি কর্মী সঞ্জয় পোইরা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের দাবি, প্রধানমন্ত্রীর অবমাননা করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং অভিনেত্রীকে অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন।
বিতর্ক ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় শ্রীলেখা মিত্র দাবি করেন যে, পুরো ঘটনাটি অনিচ্ছাকৃত। অভিনেত্রী জানান, হুড়োহুড়ির মধ্যে অন্য এক ব্যক্তি তাঁর হাতে পোস্টারটি দিয়েছিলেন এবং তাড়াহুড়োর কারণে তাতে কী ছবি বা কার্টুন ছিল তা তিনি লক্ষ্য করেননি। তবে এই সাফাই মানতে নারাজ বিজেপি। কেয়া ঘোষ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আইনি লড়াই বা আদালতের দ্বারস্থ হবে দলটি। বর্তমানে আনন্দপুর ও বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযোগগুলো খতিয়ে দেখছে।