নবান্নে ঐতিহাসিক বদল! ১৫ বছরের নীল-সাদা ঐতিহ্য বিদায় জানিয়ে গেরুয়া রঙে সেজে উঠল প্রশাসনিক ভবন?
রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের রেশ ধরে এবার প্রশাসনিক ভবন ‘নবান্ন’-এর মূল ফলকে এল রঙের পরিবর্তন। দীর্ঘ ১৫ বছর ধরে বজায় থাকা নীল-সাদা রঙের পরিবর্তে নবান্নের মাথায় থাকা সাইনবোর্ডে এখন স্থান পেয়েছে গেরুয়া রং। নতুন সরকার গঠনের দুই মাসের মাথায় সোমবার সকালে পরিবর্তনের এই চিত্রটি প্রকাশ্যে আসে। আপাতত শুধু মূল ফলকটির রং পরিবর্তন করা হলেও, গোটা ভবনের রঙে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি।
প্রশাসনিক ভবনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে নতুন সরকার। সরকারি স্কুলের ইউনিফর্মের ক্ষেত্রে নীল-সাদা রঙের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ২০২২ সালে চালু হওয়া এই নিয়ম বাতিল করে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি স্কুলকে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পুরনো পোশাকের রঙে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত নীল-সাদা ইউনিফর্মের পরিবর্তে স্কুলগুলো তাদের আগের নিয়মানুযায়ী পোশাক নিশ্চিত করবে।