বন্ধ হচ্ছে ‘সবুজ সাথী’! নবম শ্রেণির সাইকেল প্রকল্পে আসছে বড় পরিবর্তন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য প্রচলিত সাইকেল বিতরণ প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই প্রকল্পটি ‘সারথি’ (SARATHI) নামে পরিচিত হবে। সাইকেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ নতুন নিয়ম ও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যে নবান্নের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পের নতুন গাইডলাইন পৌঁছে দেওয়া হয়েছে এবং স্কুলস্তরে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের তথ্য যাচাই বা ডেটা ভেরিফিকেশনের কাজ।
নতুন এই প্রকল্পের আওতায় স্কুলগুলিকে ‘সারথি’ পোর্টালে লগ-ইন করে প্রতিটি ছাত্রছাত্রীর প্রোফাইল বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। পোর্টালে শুধুমাত্র ঠিকানা ও মোবাইল নম্বর সংশোধনের সুযোগ থাকবে, অন্য কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে তা নতুন করে এন্ট্রি করতে হবে। পাশাপাশি, শিক্ষার্থী আগে অন্য কোনো সরকারি প্রকল্পে সাইকেল পেয়েছে কি না, তা খতিয়ে দেখা বাধ্যতামূলক। তথ্য যাচাইয়ের পর স্কুলগুলিকে তা ফাইনাল সাবমিট করতে হবে, যা পরবর্তীতে এসআই, এএসআই ও ডিআই স্তরে পরীক্ষিত হবে। সাইকেল বিতরণের পর সেই তথ্য পোর্টালে আপলোড এবং অডিট কার্যক্রমের জন্য সব নথির হার্ড কপি স্কুলগুলিকে সংরক্ষণ করতে হবে।