ফার্মের মুরগি তকমা ঘুচিয়ে জেন-জির বাজিমাৎ, ভাইরাল ব্রয়লার চিকেন পার্টি!
শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবং বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের জেরে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি নতুন অনলাইনভিত্তিক প্রতীকী রাজনৈতিক দল। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন শিক্ষামন্ত্রীর একটি অডিও ফোনালাপ ভাইরাল হলে এই ক্ষোভের সৃষ্টি হয়, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রীকে ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করতে শোনা যায়। ১৩ জুলাই রাতে এই অডিও ছড়িয়ে পড়ার পর ১৪ জুলাই শিক্ষার্থীরা প্রতীকী এই দলটি গঠন করে।
‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’—এই স্লোগানকে সামনে রেখে গঠিত দলটির ফেসবুক পেজ খোলার অল্প সময়ের মধ্যেই অনুসারী সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে যায়। এই মন্তব্যের প্রতিবাদে ঢাকার সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এদিকে, শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও নতুন রাজনৈতিক দলকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষক ও বিভিন্ন মহলের একাংশ একে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা কোনো মহলের ইন্ধন হিসেবে সন্দেহ প্রকাশ করলেও, আন্দোলনকারীরা এসব জল্পনা উড়িয়ে দিয়ে এই প্রতিবাদকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে দাবি করেছেন।