ইথানল নিয়ে তোলপাড়, নীতিন গডকড়ির পদত্যাগ দাবি!
কেন্দ্রীয় সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 জ্বালানি নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে নতুন রাজনৈতিক দল ‘E20 জনতা পার্টি’। বাধ্যতামূলক ইথানল মিশ্রিত জ্বালানির পরিবর্তে সাধারণ মানুষকে ১০০ শতাংশ খাঁটি পেট্রোল কেনার অধিকার দেওয়ার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে এই নীতির জেরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ির পদত্যাগের দাবিও তুলেছে তারা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছে; সংগঠনটির দাবি অনুযায়ী, তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৪৬ হাজারে এবং ইনস্টাগ্রামে অনুগামী সংখ্যা ১ লক্ষ ৫১ হাজারে পৌঁছেছে।
আগামী ৪ আগস্ট দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন ইথানল মিশ্রিত পেট্রোলের বিরোধিতায় সংসদ অভিযানের ডাক দিয়েছে। পরিবহন সংগঠনগুলোর অভিযোগ, পেট্রোলে ইথানল মেশানোর ফলে গাড়ির মাইলেজ কমছে, রক্ষণাবেক্ষণ খরচ বাড়ছে এবং পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপি সংসদে জানিয়েছেন, ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ির কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণিত অভিযোগ সরকারের কাছে নেই। এদিকে E20 জনতা পার্টি জ্বালানির লেবেলিং ও স্বচ্ছতার দাবিতে অটল থাকায় ইথানল নীতি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে।