করোনা আবহে শত কোটি টাকার অপচয়! অক্সিজেন প্ল্যান্ট ফেলে রাখায় তোলপাড়
করোনা মহামারী মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ক্যাগ (CAG)। বিধানসভায় পেশ করা ২০২৪ সালের এই রিপোর্টে জানানো হয়েছে, অতিমারীর চরম সংকটকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া শত শত কোটি টাকার তহবিল এবং পিএম কেয়ার্স ও সিএসআর (CSR) ফান্ডের মাধ্যমে আসা বহু মূল্যবান যন্ত্রপাতি বছরের পর বছর অব্যবহৃত বা অচল অবস্থায় পড়ে ছিল। রিপোর্ট অনুযায়ী, কোভিড পরিস্থিতি সামলাতে রাজ্যে ৭৫টি প্রেশার সুইং অ্যাডসর্পশন (PSA) অক্সিজেন প্ল্যান্ট বরাদ্দ করা হলেও ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র ৩২টি চালু করা সম্ভব হয়েছিল। বাকি ৪৩টি প্ল্যান্ট অচল অবস্থায় পড়ে ছিল বা কোনো কাজেই ব্যবহার করা হয়নি।
ক্যাগের অডিট রিপোর্টে আরও উঠে এসেছে যে, ‘ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেজ-২’ (ECRP-II)-এর অধীনে প্রাপ্ত জরুরি তহবিলের প্রায় ৬৫ শতাংশ অর্থাৎ ৬৫৯.২৮ কোটি টাকা ২০২২ সালের মার্চ পর্যন্ত অলস অবস্থায় পড়ে ছিল। পাশাপাশি, কোভিডের ‘আনটাইড ফান্ড’-এর ৪৬২.০৫ কোটি টাকাও খরচ করা হয়নি। এছাড়া, একাধিক সরকারি হাসপাতালে পিএম কেয়ার্সের পাঠানো অতি-প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় যখন ভেন্টিলেটর বা অক্সিজেনের অভাবে মানুষ চরম কষ্টের মুখে পড়েছিল, সেই সময়ে কোটি কোটি টাকার তহবিল ও জীবনদায়ী সরঞ্জাম অকেজো পড়ে থাকার বিষয়টি নিয়ে প্রশাসনিক নজরদারি ও তৎকালীন স্বাস্থ্য দফতরের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।