দিঘায় আছড়ে পড়ছে গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মঙ্গলবার রাত ১২:৩০ থেকে ১:৩০ মিনিটের মধ্যে গভীর নিম্নচাপটি দিঘার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে। মঙ্গলবার ভোর ৫:৩০ নাগাদ এটি দিঘা থেকে ৩০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং বালেশ্বর থেকে ৩০ কিমি উত্তর-পূর্বে অবস্থান করছিল। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে ৫৫ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও কলকাতায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দুদিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমে আসবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *