ভারতেই তৈরি হবে ৯৪টি রাফাল, ভারত-ফ্রান্স মেগা ডিলে বড় চমক!
ভারত ও ফ্রান্সের মধ্যে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার মেগা ডিফেন্স চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। চলতি বছরের মে মাসে ভারতের পাঠানো ‘লেটার অফ রিকোয়েস্ট’ (LoR)-এর আনুষ্ঠানিক ও বিশদ জবাব দেওয়ার জন্য ফরাসি সরকার আগস্ট মাসের মধ্যভাগ পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই মূলত যুদ্ধবিমানগুলোর দাম, প্রযুক্তি হস্তান্তর এবং ডেলিভারির সময়সীমা নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত দফার আলোচনা শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে।
এই চুক্তির অন্যতম মূল বৈশিষ্ট্য হলো ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় যুদ্ধবিমানগুলোর উৎপাদন। চুক্তি অনুযায়ী, মোট ১১৪টি বিমানের মধ্যে ৯৪টি ভারতেই তৈরি করবে ফরাসি সংস্থা ডাসল্ট এভিয়েশন। বর্তমানে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনের ঘাটতি মেটাতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ছাড়া বায়ুসেনা ও নৌসেনার পূর্ববর্তী অর্ডার এবং মেরিন রাফালের পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে ভারতের সামরিক বহরে ২০০টিরও বেশি রাফাল যুদ্ধবিমান যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।