ট্রাকের গোপন চেম্বারে বিপুল গাঁজা, পাচারচক্রের পর্দাফাঁস করে আটক ৭!
রাজ্যে মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও পুরুলিয়া জেলা পুলিশ। যৌথ অভিযানের মাধ্যমে একটি আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের হদিশ পেয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়কে একটি সন্দেহভাজন ট্রাক আটক করা হয়। তল্লাশির সময় ট্রাকটির চালকের আসনের পিছনে তৈরি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
এই অভিযানে গাঁজাবোঝাই ট্রাক ছাড়াও সেটিকে পাহারা দিয়ে ওডিশা থেকে আসানসোলের দিকে নিয়ে যাওয়ার সময় দুটি এসকর্ট গাড়িকেও আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে মোট সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই সফল অভিযানের জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ও কর্মীদের সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন।