দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান, বিস্ফোরক রিপোর্টে বড় চমক!

দিল্লিতে নিট আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহারের অভিযোগ, প্রকাশ্যে পুলিশের নথি

দিল্লিতে নিট (NEET) আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে পেলেট গান বা ছররা বন্দুক ব্যবহারের কথা প্রথমে অস্বীকার করলেও, পুলিশের একটি জেনারেল ডায়েরি (জিডি) নথি থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘দ্য হিন্দু’-র প্রতিবেদন অনুযায়ী, গত ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ছররা গুলি চালিয়েছিল। নথি অনুযায়ী, ওই অভিযানে ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

পেলেট বন্দুকের আঘাতে কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে ১৯ বছর বয়সী সাহিল লোচাব সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার ডান চোখের মণি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশের প্রাথমিক অস্বীকারের বিপরীতে হাসপাতালের রিপোর্ট এই বিতর্ককে আরও জোরালো করেছে। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়িয়েছে। আইবি-র অবসরপ্রাপ্ত কর্তা যশবর্ধন আজ়াদ এবং আক্রান্ত দুই ব্যক্তি অনিয়ন্ত্রিতভাবে পেলেট বন্দুকের ব্যবহার নিষিদ্ধ করা, উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *