বদলে গেল নবম শ্রেণির সাইকেল প্রকল্পের নাম, রাজ্যে শুরু হচ্ছে ‘সারথি’!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ প্রকল্পটি এবার থেকে ‘সারথি’ (SARATHI) নামে পরিচিত হবে। নবান্নের নির্দেশ অনুযায়ী, এই প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি সাইকেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং জালিয়াতি রোধ করতে কঠোর নজরদারি ও একগুচ্ছ নতুন নিয়ম জারি করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ইতিমধ্যেই এই সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল স্তরে পড়ুয়াদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
নতুন এই নিয়মের আওতায় স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের ডেডিকেটেড ‘সারথি’ পোর্টালে লগ-ইন করে প্রতিটি পড়ুয়ার প্রোফাইল বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। পোর্টালে শুধুমাত্র ঠিকানা ও মোবাইল নম্বর সংশোধনের সুযোগ থাকবে, অন্য তথ্যের ক্ষেত্রে নতুন করে এন্ট্রি করতে হবে। এছাড়া কোনো শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো প্রকল্প থেকে সাইকেল সুবিধা পেয়েছে কি না, তা যাচাই করা এবং তথ্য চূড়ান্ত করার পর তা SI, ASI এবং DI স্তরে একাধিকবার ভ্যালিডেশন করা হবে। বিতরণ প্রক্রিয়া শেষে তথ্য পোর্টালে আপলোড এবং অডিট ও নথিপত্র সংরক্ষণের বিষয়েও স্কুল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।