নতুন উচ্চতায় পাকিস্তান ও কুয়েতের সামরিক সম্পর্ক!
দীর্ঘ তিন বছর অপেক্ষার পর পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কুয়েত। সম্প্রতি একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে চুক্তিটিকে পূর্ণাঙ্গ আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১১ জুন স্বাক্ষরিত এই চুক্তিটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এখন কার্যকর হতে যাচ্ছে, যা কুয়েত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
১২ দফা সংবলিত এই চুক্তিতে সামরিক প্রশিক্ষণ, আদান-প্রদান, গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, মেধাস্বত্ব অধিকার, আর্থিক নিয়মকানুন এবং গোপনীয়তা রক্ষার কঠোর বিধানও এতে রাখা হয়েছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে, ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি হলে তা আন্তর্জাতিক আদালতে না নিয়ে শুধুমাত্র পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। উপসাগরীয় অঞ্চলে পরিবর্তিত ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এই চুক্তি পাকিস্তানের কৌশলগত প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।