মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট! কড়া পদক্ষেপে সব ডিলিট করাল দিল্লি পুলিশ
দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও ও মন্তব্য ছড়ানোর ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি পুলিশের সাইবার সেলের নজরে আসার পরই তারা এই তৎপরতা শুরু করে।
ইতিমধ্যে দিল্লি পুলিশ সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কড়া নোটিশ পাঠিয়ে ওই সমস্ত আপত্তিকর পোস্ট ও ভিডিও দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে। পুলিশের মনিটরিং টিম নিয়মিত অনলাইনে এসব বিষয় পর্যবেক্ষণ করছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আইনি দিকগুলো খতিয়ে দেখছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বা অবমাননকর কনটেন্ট ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।