পেপসিকো ও রেড বুলের বড় ধাক্কা, বোতল থেকে সরাতে হবে ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দ!
উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত পানীয়কে ‘এনার্জি ড্রিঙ্ক’ হিসেবে প্রচার বা বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)। সংস্থাটির পক্ষ থেকে পেপসিকো (স্টিং), রেড বুল, মনস্টার বেভারেজ, রিলায়েন্স ও হেল এনার্জির মতো ব্র্যান্ডগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের বোতল বা ক্যান থেকে ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ‘এনার্জি ড্রিঙ্ক’ বলে আলাদা কোনো ক্যাটাগরি স্বীকৃত না হওয়ায় এবং এতে থাকা অতিরিক্ত ক্যাফেইন, চিনি ও টরিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই নির্দেশ কার্যকর করতে রাজ্য পর্যায়েও অভিযান শুরু হয়েছে। রাজস্থান সরকার আমাজন, ফ্লিপকার্ট ও সুইগির মতো ই-কমার্স প্ল্যাটফর্মে ‘এনার্জি ড্রিঙ্ক’ তকমা দিয়ে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে এবং বাজার থেকে বিপুল পরিমাণ পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্বজুড়ে এই পানীয়ের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হয়েছে জানিয়ে এফএসএসএআই জানিয়েছে, বিক্রয় কমে যাওয়ার অজুহাত গ্রহণযোগ্য নয় এবং সংস্থাগুলো চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে। উল্লেখ্য, আগামী এপ্রিল থেকে ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের কাছে এই পানীয় বিক্রি নিষিদ্ধ হচ্ছে এবং পাকিস্তানেও এগুলোকে কেবল ‘স্টিমুল্যান্ট ড্রিঙ্ক’ হিসেবে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।