রাজ্য পুলিশে ১ লক্ষ নিয়োগের ঐতিহাসিক ঘোষণা, খুশির জোয়ার সব মহলে!
রাজ্য পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ১ লক্ষ নতুন কর্মী নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনের এক অনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে রাজ্যে পুলিশের ৪৭ হাজার শূন্যপদ রয়েছে এবং প্রতি ১ লক্ষ জনসংখ্যায় পুলিশের হার বাড়াতে উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে দুর্গাপূজার আগেই কাজে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পুলিশ কর্মীদের মাসিক রেশনের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।
নাগরিকদের সুরক্ষা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষে এদিন চারটি নতুন টোল-ফ্রি নম্বর (18003450166, 18003450167, 18003450168, 18003450169) চালু করা হয়েছে। তবে ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এনআইএ (NIA)-এর আদলে রাজ্যে ‘এসআইএ’ (SIA) গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মীদের বর্ষার কিট উপহার দেওয়া হয়েছে।