জেন জি নিয়ে বিস্ফোরক মোহন ভাগবত, কেন এমন মন্তব্য করলেন?
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বর্তমান প্রজন্মের তরুণ-তরুণী বা ‘জেন জি’ প্রতিনিধিদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। রবিবার ‘সমসাময়িক মাতৃত্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, আজকের প্রজন্ম অতিরিক্ত অনুকরণপ্রিয়, আবেগপ্রবণ এবং যেকোনো বিষয়ে ঠান্ডা মাথায় বিচার-বিশ্লেষণ করার ক্ষমতার অভাব তাদের মধ্যে প্রকট। নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের পর তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
অনুষ্ঠানে অভিভাবক এবং সোশ্যাল মিডিয়া সংস্কৃতি নিয়ে কথা বলার সময় আরএসএস প্রধান জানান, সন্তানদের সুশৃঙ্খল করতে চাইলে অভিভাবকদের আগে নিজেদের মোবাইল ব্যবহারে সংযত হতে হবে। শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার প্রবণতার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সমাজে যে পরিবর্তন প্রত্যাশিত, তা আগে অভিভাবকদের নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। এছাড়া লিভ-ইন সম্পর্কের পরিণতির সমালোচনা করে তিনি বিয়েকে ধর্মের বোধ জাগানোর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। আধুনিকতাকে স্বাগত জানালেও এলজিবিটিকিউ সম্প্রদায়কে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সম্মান জানানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন মোহন ভাগবত।