বেআইনি মদ ও সিন্ডিকেট রুখতে বড় পদক্ষেপ, চালু হলো সরকারের বিশেষ হেল্পলাইন!
রাজ্যে বেআইনি মদ বিক্রি, সিন্ডিকেট রাজ, কাটমানি এবং বেআইনি টোল আদায়ের মতো অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। মঙ্গলবার ভবানী ভবন থেকে নাগরিকদের সুবিধার জন্য বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করা হয়। এই নম্বরগুলিতে ফোন করে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
বিভিন্ন অপরাধের জন্য সুনির্দিষ্ট নম্বরগুলি হলো- বেআইনি মদের জন্য ১৫৫৩৩৯, সিন্ডিকেট রাজের জন্য ১৫৫৩৩৫, কাটমানির জন্য ১৫৫৩৩৪ এবং বেআইনি টোল আদায়ের জন্য ১৫৫৩৩৭। এই পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। পাশাপাশি, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে ১ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার, যার মধ্যে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে হেল্পলাইনের অপব্যবহার বা ব্যক্তিগত প্রতিহিংসার জেরে কোনো ভুয়ো অভিযোগ জানানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।