হেপাটাইটিস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, রাজ্যে চালু হলো ১২টি নতুন চিকিৎসা কেন্দ্র!

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস চিকিৎসাকে আরও উন্নত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে রাজ্যে নতুন ১২টি ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই কেন্দ্রগুলোর উদ্বোধন করেন। নতুন এই কেন্দ্রগুলো নিয়ে রাজ্যে মোট আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত কেন্দ্রের সংখ্যা ৪৮টিতে উন্নীত হলো। ২০৩০ সালের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণের জাতীয় লক্ষ্য পূরণের অংশ হিসেবেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে সংক্রমণ রোধ, বিনামূল্যে পরীক্ষা, রোগ নির্ণয় ও ওষুধ সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে। চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি হেপাটাইটিস ছাড়াও নন-অ্যালকোহলিক ও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সংক্রান্ত চিকিৎসাতেও বিশেষ নজর দেওয়া হবে। এই প্রক্রিয়ায় খুব দ্রুত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করা হবে এবং সমন্বয় কমিটির বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *