জলের ব্যবসায় কোটিপতি কাউন্সিলর! দেবরাজ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা
রাজারহাট-নিউটাউনের বিতর্কিত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর এবার তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। জলের ব্যবসা থেকে রাজনীতিতে আসা বিনু মণ্ডল ও তাঁর স্ত্রী অল্প সময়ে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। মামলাকারী আইনজীবী সৈকত দাসের অভিযোগ, তাঁদের নামে রাজারহাট, নিউটাউন ও বীরভূম মিলিয়ে মোট ৩৫টি সম্পত্তি রয়েছে এবং রাজনীতিতে আসার পর দেবরাজ চক্রবর্তীর পন্থায় তাঁরা কালো টাকা বিনিয়োগ করেছেন।
রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকায় প্রভাবশালী বিনু মণ্ডলের এই আর্থিক দুর্নীতির সঙ্গে দলের অন্য কোনো নেতার যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে ইডির হস্তক্ষেপ চাওয়া হয়েছে হাই কোর্টে। খুব শীঘ্রই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিনু মণ্ডল ও তাঁর স্ত্রী নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, একই ধরনের আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হওয়া দেবরাজ চক্রবর্তী বর্তমানে জেল হেফাজতে আছেন।