সৌরভ-ডোনার প্রাণনাশের হুমকি, পুলিশে যেতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে লাগাতার হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত প্রায় ছয় মাস ধরে তাঁদের ঠিকানায় এই রহস্যজনক চিঠিগুলি আসছিল। প্রাথমিকভাবে এটিকে সাধারণ ভক্তদের চিঠি ভেবে গুরুত্ব দেওয়া না হলেও, সম্প্রতি আসা একটি চিঠিতে ভয়ংকর তথ্য প্রকাশ পায়। ইংরেজিতে অত্যন্ত ছোট অক্ষরে লেখা ওই চিঠিতে বাড়িতে ঢুকে সৌরভ ও ডোনার পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে অবশেষে সৌরভের পক্ষ থেকে বেহালার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলঘরিয়া এলাকা থেকে কুরিয়ারের মাধ্যমে এই চিঠিগুলি পাঠানো হতো। কুরিয়ার সংস্থা ও প্রেরকের ফোনের গতিবিধি ট্র্যাক করে তদন্ত এগোচ্ছে। কে বা কারা এই চক্রান্তের নেপথ্যে রয়েছে এবং এর পেছনে বড় কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তারকা দম্পতির নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *