বিয়ে করার নামে তরুণীকে লাগাতার ধর্ষণ! অবশেষে গ্রেপ্তার সেই যুবক।
বার্তা ডেস্কঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্কের লিপ্ত রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃত যুবকের নাম সিদ্ধান্ত দাস (২৪)। মানিকতলার বাসিন্দা প্রায় পঁচিশ বছর বয়সি ওই তরুণীর অভিযোগ, গত দুই বছর ধরে জোড়াসাঁকোর বাসিন্দা সিদ্ধান্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি ওই যুবক সম্পর্ক এড়িয়ে চলতে শুরু করলে তরুণী বাধ্য হয়ে রবিবার জোড়াসাঁকোয় যুবকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে উপস্থিত হন। কিন্তু সেখানে অভিযুক্ত ও তাঁর বাবা-মা মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই রাতেই তরুণী জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।