রাজারহাটে বিষাক্ত জলের আতঙ্ক, হাসপাতালে ছুটলেন ৭০ জন!
বার্তা ডেস্কঃ
রাজারহাট চৌমাথা সংলগ্ন একটি আবাসনে পানীয় জলে সংক্রমণের অভিযোগে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রবিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেন ক্ষুব্ধ আবাসিকরা। সোমবারও তাঁদের উদ্বেগ সম্পূর্ণ কাটেনি। সংক্রমণের সত্যতা যাচাই করতে প্রশাসনের পাশাপাশি আবাসন কর্তৃপক্ষ ও বাসিন্দারা নিজেদের উদ্যোগে পানীয় জলের পৃথক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। রিপোর্ট হাতে এলে তা মিলিয়ে দেখা হবে বলে আবাসিকরা জানিয়েছেন। সাময়িক সুরাহার জন্য পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে পান করছেন।
পরিস্থিতি সামাল দিতে রবিবারই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়া। এরপর আবাসনে পরপর দু’দিন বিশেষ মেডিকেল ক্যাম্প বসানো হয়, যেখানে শারীরিক সমস্যা নিয়ে প্রায় ৭০ জন বাসিন্দা চিকিৎসকদের দ্বারস্থ হন। তবে এখনও পর্যন্ত কারও গুরুতর অসুস্থ হওয়ার খবর মেলেনি। আবাসন কর্তৃপক্ষের দাবি, জলাধারে বিষাক্ত কিছু মেশার কোনও প্রমাণ পাওয়া যায়নি। নিয়ম মেনে প্রতি তিন মাস অন্তর নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার ও জল পরীক্ষা করা হয় এবং সমস্ত রিপোর্ট যথাযথভাবে সংরক্ষিত রয়েছে।