মামলা থাকলেও মিলল ছাড়, আমেরিকায় চোখের চিকিৎসা শুরু অভিষেকের!
বার্তা ডেস্কঃ
মামলা ঝুলছে মানেই চিকিৎসায় বাধা দেওয়া যায় না! এমনটাই স্পষ্ট জানিয়ে শর্ত সাপেক্ষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন সপ্তাহের জন্য আমেরিকা যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এই রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। চোখের মতো স্পর্শকাতর অঙ্গের চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার আর্জিতে এদিন সায় দেয় সর্বোচ্চ আদালত।
শুনানিকালে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু অভিষেকের একাধিক মামলার কথা তুলে বিদেশ যাত্রার তীব্র বিরোধিতা করেন। তবে সেই আর্জি খারিজ করে বেঞ্চ জানায়, মামলার অজুহাতে চিকিৎসায় বাধা দেওয়া যায় না। কূটনৈতিক পাসপোর্টেই তিনি বিদেশ যেতে পারবেন। তবে কোন হাসপাতালে চিকিৎসা হবে, বিমানের বিবরণ এবং থাকার জায়গার পূর্ণাঙ্গ তথ্য বিদেশ যাত্রার অন্তত দুদিন আগে তদন্তকারী পুলিশকে জানাতে হবে।