রাতের অন্ধকারে সিতাই ছাড়তে বাধ্য হলেন জগদীশ-দম্পতি!
বার্তা ডেস্কঃ
কয়েক মাস পর সোমবার রাতে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সিতাই বাজারে নিজেদের বাড়িতে ফিরেছিলেন তৃণমূলের কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। রাত প্রায় এগারোটার সময় তাঁদের ফেরার খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাড়ির সামনে ও স্থানীয় বাজার এলাকায় জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।
জনরোষের জেরে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিতাইয়ের বাড়ি ছাড়তে বাধ্য হন ওই জনপ্রতিনিধিরা। পুলিশি পাহারায় তাঁরা দ্রুত কোচবিহারে নিজেদের ফ্ল্যাটে ফিরে যান বলে জানা গিয়েছে। এই আকস্মিক ঘটনায় সিতাইজুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও জল্পনা শুরু হয়েছে। যদিও এই অনভিপ্রেত পরিস্থিতি এবং জনরোষের মুখে পড়া নিয়ে এখনও পর্যন্ত সাংসদ বা বিধায়কের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।