চিকিৎসকদের গড় আয়ু কমছে কেন? জানুন ভয়ংকর সত্যি!
বার্তা ডেস্কঃ
সাধারণ মানুষের গড় আয়ু যেখানে ৭২.৩ বছর, সেখানে দেশের চিকিৎসকদের জীবনকাল মেরেকেটে ৬৪ থেকে ৬৭ বছর। সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক বিশেষ সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নানা শাখার চিকিৎসকদের মধ্যে অস্থিরোগ বিশেষজ্ঞদের গড় আয়ু মাত্র ষাটের আশপাশে ঘোরাফেরা করছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে বাংলার তাবড় চিকিৎসকরা এই পেশাগত বাস্তবতার কথা স্বীকার করেছেন।
বিশেষজ্ঞদের মতে, অস্থিরোগ চিকিৎসকদের জীবনকাল উল্লেখযোগ্যভাবে হ্রাসের অন্যতম প্রধান কারণ হাড়ের অস্ত্রোপচারে নিয়মিত ব্যবহৃত সি-আর্ম মেশিন থেকে নির্গত ক্ষতিকর রেডিয়েশন। দীর্ঘদিন এই এক্স-রে বিকিরণের সংস্পর্শে থাকায় ক্যানসারের ঝুঁকি বাড়ার পাশাপাশি চোখ ও হাতের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং মাত্রাতিরিক্ত কাজের চাপের ফলে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী উদ্বেগ ও উচ্চ রক্তচাপ। এই সার্বিক পরিস্থিতি চিকিৎসকমহলে গভীর আশঙ্কার সৃষ্টি করেছে।