দমদম রোডের মৃত্যুফাঁদ কবে ঘুচবে, বিধায়কের নিশানায় কি তৃণমূলের চক্রান্ত?
বার্তা ডেস্কঃ
পাইপ বসানোর কাজের জেরে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বেহাল হয়ে রয়েছে ব্যস্ততম দমদম রোড। দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, যা বর্ষার জলে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুলপড়ুয়া ও মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক রিতেশ তিওয়ারি কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমে ১৫ অগাস্ট এবং পরবর্তীতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক।
কাজের এই ধীরগতি ও প্রশাসনিক উদাসীনতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিধায়ক রিতেশ তিওয়ারি বলেন, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ার নেপথ্যে কোনো অদৃশ্য শক্তি বা রাজনৈতিক প্রভাব থাকতে পারে। তবে নিজের এক্তিয়ার না থাকলেও তিনি পুরো বিষয়টি রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর এবং প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। দীর্ঘ ষোলো মাস ধরে এই চরম দুর্ভোগ সহ্য করার পরও সাধারণ মানুষের অসীম ধৈর্যের প্রশংসা করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।