রামমন্দিরের CEO পদে কে? মদ-মাংস ও পৈতে-টিকি নিয়ে প্রশ্নবাণে জর্জরিত প্রার্থীরা!
বার্তা ডেস্কঃ
রামমন্দির ট্রাস্টের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পদে নিয়োগ প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। সারা দেশ থেকে জমা পড়া পাঁচ হাজারের বেশি আবেদন থেকে মাত্র ১৮ জন যোগ্য প্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে। অযোধ্যা রাম মন্দির চত্বরের গ্রিন হাউসে চলা এই উচ্চপর্যায়ের ইন্টারভিউতে অংশ নিচ্ছেন অভিজ্ঞ প্রশাসনিক ও সামরিক আধিকারিকরা। প্রথম দিনের দুই সেশনের সাক্ষাৎকারে প্রার্থীদের কাজের দক্ষতার পাশাপাশি ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবনযাপন নিয়ে কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
প্রার্থীদের প্রায় তিন ডজন প্রশ্নের একটি অনলাইন ফর্ম পূরণের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও খাদ্যাভ্যাস নিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। প্রার্থীদের টিকি রাখা, পৈতা পরা, নিরামিষাশী হওয়া এবং মদ-মাংস ভক্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হয়েছে। একই সঙ্গে মন্দির ম্যানেজমেন্ট, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক দক্ষতার গভীরতাও যাচাই করা হচ্ছে। আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে সেরা তিন প্রার্থীর নাম ট্রাস্টের কাছে জমা দেওয়া হবে, যার মধ্য থেকেই চূড়ান্ত করা হবে রামমন্দিরের প্রথম সর্বময় প্রশাসনিক কর্তা।