বিজেপি-তৃণমূল ছেড়ে এবার নতুন পথে চন্দ্র কুমার বসু, জেন জি-কে নিয়ে গড়ছেন ‘আজাদ হিন্দ পার্টি’!

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে এবার রাজনীতির ময়দানে নতুন চমক দিলেন তাঁর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। বিজেপি ও তৃণমূল—দুই শিবিরই ত্যাগ করার পর এবার তিনি ঘোষণা করলেন নিজস্ব রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’ গঠনের কথা। সাম্প্রতিককালে জেন জি বা যুব প্রজন্মের মধ্যে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত আন্দোলনের থেকে উদ্বুদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। চন্দ্র বসুর দাবি, দেশের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রশাসনিক প্রতিটি স্তরে দুর্নীতিতে জর্জরিত বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বীতশ্রদ্ধ তরুণ প্রজন্মের জন্য একটি সৎ ও ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্মের বড় প্রয়োজন ছিল।

রাজনৈতিক ক্যারিয়ারে বিজেপি ও তৃণমূলের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পেলেও তা বাস্তবায়িত না হওয়ায় শেষ পর্যন্ত নিজের দল গড়ার পথেই হাঁটছেন তিনি। প্রগতিশীল ও নিরপেক্ষ যুব সম্প্রদায়কে নিয়ে গড়া এই দলটি নেতাজির আদর্শ অনুসরণ করে দেশের জন্য কাজ করবে বলেই চন্দ্র বসুর প্রত্যাশা। এখন দেখার বিষয়, প্রথাগত রাজনীতির ভিড়ে নেতাজির প্রপৌত্রের এই নতুন প্রয়াস কতটা প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *