২৫ সপ্তাহেই চরম পরিণতি! চার সন্তান হারিয়ে দিশেহারা শান্তিপুরের বধূ!
বার্তা ডেস্কঃ
গর্ভাবস্থার মাত্র ২৫ সপ্তাহের মাথায় প্রসব যন্ত্রণা ওঠায় শান্তিপুরের এক বধূকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির জটিলতা ও চরম ঝুঁকি বুঝে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার বা প্রসবের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের তৎপরতায় ওই গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। কিন্তু অত্যন্ত কম বয়স ও নির্ধারিত সময়ের প্রায় ১৫ সপ্তাহ আগে জন্ম হওয়ায় নবজাতকদের শারীরিক বিকাশ সম্পূর্ণ হয়নি। প্রত্যেকের ওজনও ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। ফলে সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা কোনো নবজাতককে বাঁচাতে পারেননি, জন্মের কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় মুহূর্তের জন্য আনন্দ বিষাদে বদলে যায়। শুধু তাই নয়, প্রসবের পর প্রসূতির নিজের অবস্থাও অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। চিকিৎসকদের দীর্ঘ ও নিবিড় চিকিৎসার ফলে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার জানান, ২৫ সপ্তাহে একসঙ্গে চার সন্তানের প্রসবের এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে অত্যন্ত বিরল ও ঝুঁকিপূর্ণ ছিল। চার সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।