তিনবার পজিটিভ রিপোর্ট! হাসপাতাল বদলাতেই কিশোরীর সামনে এল চাঞ্চল্যকর সত্য
বার্তা ডেস্কঃ
মহারাষ্ট্রের থানে জেলায় সরকারি হাসপাতালের এক চরম গাফিলতির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পিরিয়ডের সমস্যা নিয়ে কল্যাণ-দম্বিভলি এলাকার শাস্ত্রী নগর হাসপাতালে ভরতি হওয়া ১৭ বছরের এক কিশোরীর তিনবার প্রেগনেন্সি পরীক্ষা করা হয়। হাসপাতালের চিকিৎসকরা কিশোরীর পরিবারকে জানান, সে অন্তঃসত্ত্বা এবং বারবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পরিবারের অনুমতি ছাড়াই করোনো এই রিপোর্ট হাতে পেয়ে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে কিশোরী ও তার পরিবারে। আতঙ্কে তারা কিশোরীকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন।
বেসরকারি হাসপাতালে পুনরায় পরীক্ষা করা হলে জানা যায়, ওই কিশোরী আদৌ অন্তঃসত্ত্বা নয়। পিরিয়ডের সমস্যার চিকিৎসাধীন থাকার পর ওষুধ দিয়ে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই সরকারি হাসপাতালের নার্স ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ পরিবার। কীভাবে বারবার এমন ভুল রিপোর্ট এল এবং এর পেছনে কার গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে শাস্ত্রী নগর থানায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত।