ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন ২৫০ শূন্যপদে!
বার্তা ডেস্কঃ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ২০২৬-২৭ নিয়োগ চক্রের জন্য ২৫০টি স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাঙ্কের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাট—এই চার রাজ্যে মোট ২৫০টি শূন্যপদ পূরণ করা হবে।
নির্বাচিত প্রার্থীরা জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-১ পদে চাকরি পাবেন এবং সংশ্লিষ্ট রাজ্যের নির্দিষ্ট স্থানীয় ভাষায় তাঁদের দক্ষতা থাকতে হবে। নিয়মানুযায়ী, প্রার্থীরা শুধুমাত্র একটি রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন এবং চাকরির প্রথম ১২ বছর সেই রাজ্যেই কাজ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে ২০০ নম্বরের একটি অনলাইন পরীক্ষা এবং ১০০ নম্বরের ইন্টারভিউ। অনলাইন পরীক্ষা ও সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ৮০:২০ অনুপাতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।