স্বাধীনতা দিবসের আগেই বড় সাফল্য, কলকাতা থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট!

বার্তা ডেস্কঃ

কলকাতা: স্বাধীনতা দিবসের আগে রাজ্যে বড়সড় নাশকতার ছক বানচাল করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। কলকাতা শহরের তপসিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রানা রউফ ওরফে ওয়াহাব নামে এক পাকিস্তানি নাগরিককে। এসটিএফ সূত্রে খবর, পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সরাসরি যোগসূত্র রয়েছে।

তদন্তে প্রকাশ, ২০১২ সালে নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল রানা। তারপর থেকে তপসিয়ায় ছুতোর মিস্ত্রির কাজ করে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল সে। এমনকি সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়ে এদেশের ভোটার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল। এই জাল নথি তৈরিতে সাহায্য করার অভিযোগে তপসিয়া থেকেই আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

রানার মোবাইল ফোন থেকে একাধিক পাকিস্তানি নম্বরে যোগাযোগের প্রমাণ মিলছে। পাশাপাশি ভারতীয় সেনা, নৌসেনা এবং রেলের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ছবি পাওয়া গেছে। ধৃত ব্যক্তি এদেশের সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করে আইএসআই-এর কাছে পাচার করত এবং কলকাতায় স্থানীয় যুবকদের নিয়ে নিজের একটি নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালাচ্ছিল।

সাম্প্রতিককালে পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চক্রান্ত করছিল রানা। ঠিক তার আগেই তাকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। স্বাধীনতা দিবসের মুখে শহরে এরকম আন্তঃদেশীয় গুপ্তচর চক্রের হদিশ মেলায় রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *