দিল্লির অচলাবস্থায় ১১ হাজার কোটির ক্ষতি, সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে রাজনৈতিক আন্দোলন ও বিক্ষোভের জেরে ১১ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা এই বিক্ষোভের কারণে দোকানপাট বন্ধ রাখা এবং মেট্রো স্টেশন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ সাফ জানিয়েছে, প্রতিবাদের অধিকার সবার থাকলেও অনির্দিষ্টকালের জন্য কোনও জায়গা দখল করে রাখা বা সাধারণ মানুষের জীবিকা অর্জনে বাধা দেওয়া বরদাশত করা হবে না।
দিল্লি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জবাব তলব করে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, বিক্ষোভের অনুমতি দেওয়ার সময় কঠোর নিয়মকানুন ও সময়সীমা নির্ধারণ করতে হবে। গত ১ নভেম্বর রামলীলা ময়দানে রাজনৈতিক সমাবেশের জেরে প্রায় আড়াই লক্ষ দোকান বন্ধ রাখতে হয়েছিল এবং পাইকারি, খুচরো থেকে শুরু করে পর্যটন ও হোটেল ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে আগামী ১১ নভেম্বর পর্যন্ত সমস্ত মিছিল ও অবস্থান বিক্ষোভ নিষিদ্ধ করার দাবি জানিয়ে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।