মাত্র দু’দিনেই পদত্যাগ ১৯ কাউন্সিলরের, ভেঙে চুরমার উলুবেড়িয়া পুরবোর্ড!

বার্তা ডেস্কঃ

মাত্র দু’দিনের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল উলুবেড়িয়া পুরবোর্ড! মঙ্গলবারের পর বুধবারও অব্যাহত থাকে পদত্যাগের হিড়িক। এ দিন ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান-সহ আরও ৯ জন কাউন্সিলর মহকুমা শাসক মানস কুমার মণ্ডলের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। এর ফলে ৩২ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় মোট পদত্যাগী কাউন্সিলরের সংখ্যা এসে দাঁড়াল ১৯-এ। অর্ধেকের বেশি নির্বাচিত প্রতিনিধির পদত্যাগের জেরে কার্যত ভেঙে পড়েছে পুরবোর্ড, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অফিসিয়ালি অসুস্থতার কারণ দেখানো হলেও, ক্ষমতার পালাবদলের জেরে তহবিলের অভাব এবং উন্নয়নমূলক কাজ আটকে যাওয়ার ক্ষোভ উগরে দিয়েছেন পদত্যাগী নেতারা। এদিকে, কাউন্সিলরদের পদত্যাগকে কেন্দ্র করে মহকুমা শাসক দপ্তরের বাইরে স্থানীয় বিজেপি নেতৃত্বের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বর্তমান বোর্ডের মেয়াদ ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা ভেঙে যাওয়ায় এবার সেখানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পুর প্রশাসক নিয়োগ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *