কনে খুঁজতে গিয়ে সর্বস্বান্ত নিঃসঙ্গ পুরুষেরা, কীভাবে পাতা হচ্ছে এই ভয়ঙ্কর ফাঁদ?
বার্তা ডেস্কঃ
চিনে নারী-পুরুষের অসামঞ্জস্যের জেরে পাত্রী সংকট তীব্র হয়েছে। ‘এক সন্তান নীতি’র প্রভাবে সেখানে নারীর চেয়ে পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি বেশি। বিয়ের জন্য মরিয়া নিঃসঙ্গ পুরুষদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে ভুয়ো ম্যারেজ এজেন্সিগুলি। পাত্রী খুঁজে দেওয়ার নামে তারা পুরুষদের বিভিন্ন মহিলার সঙ্গে আলাপ করিয়ে দেয়। এরপর ভুয়ো কনেরা ‘বিয়ের খরচ’ বা ‘উপহার’-এর অছিলায় পাত্রের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়ে আচমকাই উধাও হয়ে যায়। ফলে বিয়ের স্বপ্ন পূরণ তো দূরের কথা, উলটে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।
সম্প্রতি এই প্রতারণার শিকার হয়েছেন ৩৭ বছর বয়সি ওয়াং ঝুয়াং। একটি বিবাহ সংস্থার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তিনি ফি ও বিয়ের খরচ বাবদ প্রায় ৪২ লক্ষ টাকা জমা দেন। তড়িঘড়ি এক মহিলাকে বিয়ে করার পর ওয়াং জানতে পারেন, তাঁর স্ত্রীর আগে তিনবার বিয়ে হয়েছিল এবং তিনি গুরুতর রোগ ও বিপুল ঋণে জর্জরিত। বিষয়টি সামনে আসতেই স্ত্রী বিবাহবিচ্ছেদের প্রস্তাব দিলেও টাকা ফেরাতে অস্বীকার করেন। হতাশ ওয়াং ওই সংস্থার অফিসে গিয়ে দেখেন, সেটিও রাতারাতি উধাও হয়ে গেছে।